প্রিন্ট এর তারিখঃ Sep 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2026 ইং
ময়মনসিংহের পর্যটন বিকাশে নদী- পাহাড় ঐতিহ্য ও প্রযুক্তিনির্ভর পরিকল্পনার তাগিদ

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক।
সভায় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে নদীতীর, সীমান্তের গারো পাহাড় ও জয়নুল আবেদিন পার্ক ও শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালাকে ঘিরে সমন্বিত পর্যটন অবকাঠামো গড়ে তোলার সুযোগ রয়েছে। একই সঙ্গে হালুয়াঘাটের গাবরাখালী, মুক্তাগাছা ও গৌরীপুরের ঐতিহাসিক জমিদারবাড়িসহ জেলার প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনাগুলোকে পর্যটন পরিকল্পনায় যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
জেলা প্রশাসক বলেন, ময়মনসিংহের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ জরুরি। জেলার বিভিন্ন উপজেলার পর্যটন সম্ভাবনা নিয়ে সংগৃহীত তথ্য সমন্বয় করে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তিনি আরও বলেন, ব্রহ্মপুত্রের চরাঞ্চলকে ঘিরে নদীভিত্তিক পর্যটন, বিনোদন ও সাংস্কৃতিক আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় ভৌগোলিক বাস্তবতা, পরিবেশ ও পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধানের সঞ্চালনায় সভায় সরকারি কর্মকর্তা, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশে ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com