
টাঙ্গাইলের ভূঞাপুরে অনুমোদনহীন চিকিৎসা পরিচালনা ও অনিয়ম করে ওষুধ বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাথাইলকান্দী বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।
অভিযানকালে চিকিৎসাসেবা ও ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় ভুল চিকিৎসা ও অনিয়মের তথ্য প্রমাণ মেলায় হাড় জোড়া লাগানোর ভুয়া চিকিৎসা দেওয়ার অভিযোগে কবিরাজ রাশেদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নিয়মবহির্ভূতভাবে ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ী আশরাফুলকে ৩০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান জানান, অনুমোদন ছাড়া মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি তৈরি করা এবং অবৈধভাবে ওষুধ বিক্রির অপরাধে এই জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানকালে ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ বেলাল হোসেনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।