প্রিন্ট এর তারিখঃ Oct 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2026 ইং
টাঙ্গাইলে লায়ন্স ক্লাবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে টাঙ্গাইলে সাধারণ ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। 'লাইন্স ক্লাব অব ঢাকা টাঙ্গাইল সুপিরিয়র'-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং আন্তর্জাতিক সেবা সংস্থা 'লাইন্স ইন্টারন্যাশনাল (জেলা-৩১৫ এ২, বাংলাদেশ)'-এর 'অক্টোবর সেবা কার্যক্রম-২০২৬'-এর আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ এবং নিরালা মোড় এলাকায় পথচারী, সাধারণ মানুষ এবং রিকশা ও অটো-রিকশা চালকদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে অতিথিরা বলেন, "অসহায় ও শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটানোই লায়ন্স ক্লাবের মূল লক্ষ্য। সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
সংগঠনটির সভাপতি মো. বাবুল মিয়া-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমীর হামজা-এর সঞ্চালনায় খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন মো. মাহমুদুল হক সানু (এমজেএফ), লায়ন এস এম শরীফুল ইসলাম (পিএমজেএফ), অ্যাডভোকেট মমতাজ করিম, অ্যাডভোকেট মোস্তফা হোসেন চৌধুরী, ট্রেজারার নুরুল ইসলাম এবং রায়হান রাজীব।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com