প্রিন্ট এর তারিখঃ Oct 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2026 ইং
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সেবা কর্মসূচি’ অনুষ্ঠিত

রাজধানীর বনশ্রীতে জুম বাংলাদেশ প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরের উদ্যোগে এক বর্ণাঢ্য ‘অক্টোবর সেবা কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই কর্মসূচিতে শান্তিকেন্দ্রিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, গান, নৃত্য পরিবেশনা ছাড়াও শিশুদের মাঝে পুরস্কার, শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রামপুরার তিতাস রোডে জুম বাংলাদেশের তত্ত্বাবধানে থাকা শিশুদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি লায়ন কাজী আশরাফুল হক জুয়েলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি১-এর জেলা গভর্নর লায়ন ডা. খন্দকার মাযহারুল আনোয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো. রফিকুল বারী মুক্তা। এছাড়া কর্মসূচিটি পরিদর্শন করেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি লায়ন মাইনুর ইসলাম খোশনবিশ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স নেতৃবৃন্দ বলেন, শিশুদের প্রতিভা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোই লায়ন্স ক্লাবের মূল লক্ষ্য। "অধিক হাতে অধিক সেবা"-এই আদর্শকে সামনে রেখে শিশুদের হাসিমুখ ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে লায়ন্সের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ক্যাবিনেট সেক্রেটারি লায়ন ডা. মুহিব শাহীন, ক্যাবিনেট ট্রেজারার লায়ন মাকসুদা মিলা, রিজিয়ন চেয়ারপারসন লায়ন শফি মাহমুদ চৌধুরী, জোন চেয়ারপারসন লায়ন দিলরুবা সাথী, ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন ফাতেমা বেগম, মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন ডা. বিদ্যুৎ এবং লায়ন এইচ এম নুরুল ইসলামসহ অন্যান্য লায়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির শেষভাগে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। একই সাথে উপস্থিত সকল শিশুর মাঝে আকর্ষণীয় শিক্ষা উপকরণ ও দুপুরের খাবার বিতরণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com