প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2026 ইং
টাঙ্গাইলে অবৈধ এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ।। জরিমানা লাখ টাকা

টাঙ্গাইলের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০০ বোতল এলপিজি গ্যাস জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অবৈধভাবে এলপিজি গ্যাস আমদানি, অতিরিক্ত দামে বিক্রি এবং গোডাউনের বৈধ কাগজপত্র দেখাতে না পারার অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে সদর উপজেলার ডেলি করটিয়া এলাকায় আজাদ ট্রেডিং নামের প্রতিষ্ঠানে জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ডেলি করটিয়া এলাকার আজাদ ট্রেডিংয়ে অভিযান চালিয়ে এলপিজি গ্যাসের আমদানি ও বিক্রিসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে গোডাউনের বৈধ কাগজপত্র দেখাতে না পারা এবং অবৈধভাবে গ্যাস আমদানি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটি থেকে ৩০০ বোতল গ্যাস জব্দ করা হয় এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, অবৈধভাবে এলপিজি গ্যাস আমদানি, অতিরিক্ত দামে বিক্রি এবং গোডাউনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দ করা ৩০০ বোতল গ্যাস সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এসব অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সট- আসাদুজ্জামান রোমেল, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল৷
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com