
‘ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি এবং অগ্নিকাণ্ড ও ভূমিকম্পবিষয়ক মহড়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. নায়েমা তাবাচ্ছুম শাহ এবং উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়া। ধনবাড়ী প্রেসক্লাবে কার্যকরী সদস্য প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মো: পলাশ ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক দুর্যোগ কিংবা অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবার পর্যায় থেকে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সবার ধারণা থাকা প্রয়োজন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. নায়েমা তাবাচ্ছুম শাহ বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রশিক্ষণের বিকল্প নেই। ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে কীভাবে নিরাপদে বের হতে হবে এবং অন্যদের সহায়তা করতে হবে, সে বিষয়ে সাধারণ মানুষকে প্রশিক্ষিত করা জরুরি। এ ধরনের মহড়া দুর্যোগ মোকাবিলায় মানুষের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপজেলা প্রশাসন, ধনবাড়ী, টাঙ্গাইলের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।