প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2026 ইং
মির্জাপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুর পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অর্ধশতাধিক ব্যবসায়ীকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছে। পাশাপাশি সড়কে গাড়ি পার্কিংয়ের দায়ে এক চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তৌহিদ রেজার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, মির্জাপুর পৌরসদরের বিভিন্ন ফুটপাত দখল করে দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ বাড়ছিল। এ পরিস্থিতিতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এ সময় অর্ধশতাধিক ব্যবসায়ীকে তাঁদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সময় দেওয়া হয়। এ ছাড়া সড়কে গাড়ি পার্কিংয়ের দায়ে এক প্রাইভেটকার চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খান, মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তৌহিদ রেজা বলেন, ফুটপাত দখলমুক্ত করা ও যানজট নিরসনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করা হবে। এ ছাড়া সড়কে গাড়ি পার্কিংয়ের দায়ে এক চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ কাজে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com