প্রিন্ট এর তারিখঃ Oct 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2026 ইং
আরটিভির সাংবাদিক কামাল হোসেনের পিতার মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক

টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি কামাল হোসেনের পিতা মো. আব্দুল মান্নান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এনায়েতবাড়ী গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন আব্দুল মান্নান মিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
মরহুম মো. আব্দুল মান্নান মিয়া ঘাটাইল উপজেলার এনায়েতবাড়ী গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী খালেদা বেগম প্রায় সাড়ে তিন বছর আগে মারা যান।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দানের প্রার্থনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com