প্রিন্ট এর তারিখঃ Oct 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 22, 2026 ইং
মধুপুরে হাওদা বিলের পানি শুকিয়ে বিপাকে বোরো চাষিরা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় কুড়াগাছা ইউনিয়নের হাওদা বিলের পানি শুকিয়ে যাওয়ায় বোরো ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। পানির অভাবে জমি প্রস্তুত ও ধানের চারা রোপণ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে সময়মতো বোরো আবাদ করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তাঁরা।
মধুপুর শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত হাওদা বিলটি অরণখোলা ও কুড়াগাছা ইউনিয়নের কয়েকটি গ্রামের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ কৃষি সম্পদ। পিরোজপুর, কাকরাইদ, আকালিয়াবাড়ি, জলছত্র ও গাছাবাড়ি গ্রামের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিলটি তাঁদের এলাকার ধান চাষের অন্যতম প্রধান ভরসা। বিশেষ করে বিলের পানি ব্যবহার করে এসব এলাকার কৃষকরা বোরো ধানের আবাদ করে থাকেন। স্থানীয়দের কাছে হাওদা বিল যেন এক ফসলি ধান চাষের শস্যভান্ডার।
স্থানীয় সূত্রে জানা যায়, শুষ্ক মৌসুমে বিলের পানি কমে যাওয়ায় কৃষিকাজে প্রয়োজনীয় পানির সংকট তৈরি হচ্ছে। বিলের পানি দিয়ে যেসব জমিতে সেচ দেওয়া হয়, সেখানে পানির অভাবে জমি প্রস্তুত ও চারা রোপণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অন্যদিকে বিলের উজানের দিকে ও দুই পাড়ে বোরো ধানের চাষ হয়ে থাকে।
কৃষকদের আশঙ্কা, দ্রুত পানির সংকট নিরসন করা না গেলে বোরো ধানের আবাদ ব্যাহত হতে পারে। পাশাপাশি বিকল্প উৎস থেকে সেচের পানি সংগ্রহ করতে হলে উৎপাদন খরচও বেড়ে যাবে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তাঁরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com