প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2026 ইং
গবেষণার উৎকর্ষের স্বীকৃতি, মাভাবিপ্রবির পুরস্কার পাচ্ছেন ৪৯ শিক্ষক-শিক্ষার্থী

মাভাবিপ্রবি প্রতিনিধি
গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থী পাচ্ছেন ‘রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’।
আগামী ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে গবেষণায় উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ মনোনীত ৪৯ জনের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
মনোনীত ৩০ শিক্ষকের মধ্যে লাইফ সায়েন্স অনুষদের ১৩ জন, ইঞ্জিনিয়ারিং অনুষদের নয়জন, বিজ্ঞান অনুষদের সাতজন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের একজন রয়েছেন।
ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চারজন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দুইজন এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের তিনজন শিক্ষক এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
লাইফ সায়েন্স অনুষদের মনোনীত শিক্ষকদের মধ্যে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের পাঁচজন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের দুইজন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের তিনজন, ফার্মেসি বিভাগের একজন এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের দুইজন রয়েছেন।
বিজ্ঞান অনুষদ থেকে পদার্থবিজ্ঞান বিভাগের পাঁচজন এবং গণিত ও রসায়ন বিভাগের একজন করে শিক্ষক মনোনীত হয়েছেন।
শিক্ষার্থী ক্যাটাগরিতে মনোনীত ১৯ জনের মধ্যে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের পাঁচজন, ফার্মেসি বিভাগের তিনজন এবং পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান, গণিত, আইসিটি ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের দুইজন করে শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষার্থী এ পুরস্কার পাচ্ছেন।
এর আগে, গত ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাসংক্রান্ত তথ্য জমা দেওয়ার আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষার্থীদের মধ্যে কিউ১ জার্নালে গবেষণা প্রকাশনা রয়েছে–এমন শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ৭ অক্টোবরের মধ্যে জমা দিতে বলা হয়েছিল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com