প্রিন্ট এর তারিখঃ Nov 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2026 ইং
মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সঙ্গে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং এআইটির প্রেসিডেন্ট অধ্যাপক পাই-চি লি এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে মাভাবিপ্রবির প্রো-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, গবেষণা সেলের পরিচালকসহ অন্যান্যরা এবং এআইটি এক্সটেনশনের নির্বাহী পরিচালক মি. ভোরাভাতে চানলাসিন ও সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. এস. কে. শাহিন হোসাইন উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় মাভাবিপ্রবির শিক্ষকদের জন্য পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি ও ফেলোশিপ, যৌথ তত্ত্বাবধানে গবেষণা এবং যৌথ প্রকাশনার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যৌথ ব্যাচেলর-মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম, শিক্ষার্থী বিনিময় এবং ক্রেডিট ট্রান্সফার ব্যবস্থার সুযোগও থাকবে।
উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি যৌথ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে, যার মাধ্যমে যৌথ গবেষণা, আন্তর্জাতিক গবেষণা অনুদান আহরণ, আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সুযোগ তৈরি হবে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং এবং আধুনিক প্রকৌশল প্রযুক্তির মতো সম্ভাবনাময় গবেষণা ক্ষেত্রগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সমঝোতা অনুযায়ী মাভাবিপ্রবির অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম (শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক) এবং এআইটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. সুমনা শ্রেষ্ঠা এ কার্যক্রম পরিচালনা করবেন।
এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) এশিয়ার একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ ও বৈশ্বিক শিক্ষা-গবেষণা নেটওয়ার্কে সম্পৃক্ততা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com