প্রিন্ট এর তারিখঃ Nov 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2026 ইং
গোপালপুরে সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নিয়মিত উপজেলা পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (৯ নভেম্বর) জেলা টাঙ্গাইল জেলা প্রশাসক আবু সাঈদ গোপালপুর উপজেলা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সূতী ভি.এম. পাইলট উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, পাঠদানের পরিবেশ, শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং শিক্ষকদের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরবর্তীতে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবার মান, রোগীদের প্রতি সেবাদানকারীদের দায়িত্বশীল আচরণ এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। সূতী কে. দাস সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পাঠাভ্যাস, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় সরকারি দপ্তরসমূহের দাপ্তরিক কার্যক্রমের গতিশীলতা, জনসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।
এ ছাড়া নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চার বিকাশে গুরুত্বারোপ করা হয়। পরিদর্শনের অংশ হিসেবে গোপালপুর থানা পরিদর্শনকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং পুলিশি কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে ভূমিসেবা কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা, সেবাপ্রার্থীদের হয়রানিমুক্ত সেবা প্রদান এবং সেবার মানোন্নয়নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে নিয়মিত তদারকি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জনবান্ধব সেবা নিশ্চিত করা এবং প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব যথাযথ নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালনের আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com