প্রিন্ট এর তারিখঃ Nov 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 14, 2026 ইং
জেলা প্রশাসকের উপহার পেলো ভূঞাপুরের দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীরা

টাঙ্গাইলের নবনিযুক্ত জেলা প্রশাসক আবু সাঈদ ভূঞাপুর উপজেলা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিস, থানা, হাসপাতাল এবং উপজেলা প্রশাসনে বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন তিনি।
উপজেলা সফরকালে সকাল সাড়ে ১০ টায় প্রথমেই প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন জেলা প্রশাসক আবু সাঈদ। পরে সেখান থেকে নৌকাযোগে গাবসারা ইউনিয়নের জুংগীপুর-পুংলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যান। এসময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি কক্ষ পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন। এছাড়াও উপস্থিত শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী গতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
দুপুর ১ টার দিকে জেলা প্রশাসক গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ ও গোবিন্দাসী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। পরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে যান ডিসি আবু সাঈদ। সেখানে নবনির্মিত ফিটনেস সেন্টারের উদ্বোধন করেন। এছাড়াও বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন ও শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন।
বেলা আড়াইটার দিকে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ময়লার ভাগাড় হিসেবে পরিচিত মাটি দিয়ে ভরাটকৃত স্থানে বৃক্ষরোপন করেন। যা ওই এলাকায় ব্যাপক সাড়া ফেলে। পরে ভূঞাপুর থানা, ভূঞাপুর পৌরসভা, উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু সাঈদ। সেখান থেকে তিনি ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং সেবা গ্রহীতার জন্য নির্মিত শেড উদ্বোধন করেন। এছাড়াও ইবানী শিক্ষালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও গাছের চারা বিতরণ করেন। পরে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।
বিকালে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক আবু সাঈদ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নাজমুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, শিক্ষা কর্মকর্তা আক্তার বানু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com