প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত

সাধারণ মানুষের সমস্যা, অভিযোগ ও আবেদন সরাসরি শুনে দ্রুত প্রতিকার নিশ্চিত করতে টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সেবাপ্রত্যাশীরা তাঁদের নানা সমস্যা ও অভিযোগের কথা সরাসরি তুলে ধরেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম উপস্থিত নাগরিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত ও যথাযথভাবে নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
এ বিষয়ে ইউএনও মো. সাইফুল ইসলাম জানান, সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শোনা এবং দ্রুত প্রতিকার নিশ্চিত করাই এ গণশুনানির মূল উদ্দেশ্য। সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, প্রশাসনের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ সরাসরি নিজেদের সমস্যার কথা জানানোর সুযোগ পাচ্ছেন। এতে সরকারি সেবা প্রাপ্তি সহজ হওয়ার পাশাপাশি প্রশাসনের সঙ্গে জনগণের আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com