প্রিন্ট এর তারিখঃ Nov 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 28, 2026 ইং
সখীপুরে মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে যুবক নিহত

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও মাহিন্দ্রা পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. সাগর (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের পাগলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগর কিশোরগঞ্জ জেলার বাসিন্দা মো. সবুজ মিয়ার (স্বর্ণকার) ছেলে। তাঁরা ব্যবসার সুবাদে দীর্ঘদিন ধরে সখীপুর উপজেলার কালিয়া বাজার এলাকায় বসবাস করে আসছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, রাতে পাগলা মোড় এলাকায় একটি মাহিন্দ্রা পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাগর নিহত হন। এ ঘটনায় কবির হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত কবির হোসেন উপজেলার বড়চওনা (মঠের পুকুরপাড়) এলাকার আব্দুল হালিমের ছেলে।
বড়চওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত কবির হোসেনকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com