ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনে ১২৬টি ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে ১২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, একটি মির্জাপুর পৌরসভা ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় নির্বাচনী আসন গঠিত। নির্বাচনে এই উপজেলায় ১২৬টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন করা হয়েছে। এ আসনটিতে নারী-পুরুষ, তৃতীয় লিঙ্গ ও পোস্টাল ব্যালটসহ মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন।
সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোড়াই সৈয়দপুর, মির্জাপুর, টাঙ্গাইল। ঝুঁকিপূর্ণ কেন্দ্রেগুলো হলো উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়, মঈন নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মীর দেওহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রশিদ দেওহাটা উচ্চ বিদ্যালয়, বাইমাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, রানাশাল উচ্চ বিদ্যালয়, আজগানা ইউনিয়নের ঝোপবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঝোপবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের মাঠ সংলগ্ন কমিউনিটি ক্লিনিক ভবন, চিতেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বংশাই স্কুল এন্ড কলেজ (দক্ষিণ পাশের টিনশেড ভবন), বংশাই স্কুল এন্ড কলেজ (উত্তর পাশের পাকা ভবন), ঘাগড়াই কোড়াতলী উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়, লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এই সংসদীয় আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের জেলা জামায়াতের শিক্ষা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ এবনে আবুল হোসেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত হাতি মার্কা প্রতীকে তোফাজ্জল হোসেন।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। নির্বাচনকে কেন্দ্রে করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন জানান, প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে সবগুলো কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আশা করছি ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।