ছবির ক্যাপশন:
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসা ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার যমুনা নদীর থানাঘাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পরিচালিত অভিযানে অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত সোলাইমান নামের এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা এবং মিরাজ নামের অপর এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বালু পরিবহনের সঙ্গে জড়িত তিন শ্রমিককে পৃথকভাবে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাদের নিয়োগকৃত মালিকরা জরিমানার অর্থ পরিশোধ করেন।
অভিযানকালে একটি ভেকুর সিলিন্ডার হেড ভেঙে বালু দিয়ে ইঞ্জিন বিকল করে দেওয়া হয়। একই সঙ্গে একটি ব্যাটারি জব্দ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসা ও পরিবহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।