ঢাকা | 08 February 2026

সখীপুরে গণভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থীর সমর্থককে অর্থদণ্ড

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে নির্বাচনী পথসভা উপলক্ষে গণভোজের আয়োজন করায় বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের সমর্থক রতন মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে উপজেলার শোলাপ্রতিমা এলাকায় আদালত বসিয়ে এ অর্থদণ্ডের রায় দেওয়া হয়। রতন মিয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য এবং ওই এলাকার নওসের আলীর ছেলে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার শিলা আদালত পরিচালনা করেন। এ সময় যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনের বিএনপি  মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের কর্মী-সমর্থকেরা উপজেলার যাদবপুর ইউনিয়নের শোলাপ্রতিমা গ্রামে নির্বাচনী পথসভা উপলক্ষে গণভোজের আয়োজন করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে রান্না করা খাবার পাওয়া যায়। এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থক রতন মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে রান্না করা খাবারগুলো স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতির তত্ত্বাবধানে একটি এতিমখানায় হস্তান্তর করার সিদ্ধান্ত দেওয়া হয়। 

অর্থদণ্ডপ্রাপ্ত সমর্থক রতন মিয়া বলেন, জরিমানার টাকা দলীয়ভাবেই পরিশোধ করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার শিলা বলেন, 'নির্বাচনী আচরণ বিধিমালায় সভা, সমাবেশ বা উঠান বৈঠকে ভোটারদের খাবার পরিবেশন আইনত দণ্ডনীয় অপরাধ। সেই অপরাধে জরিমানা করা হয়েছে।'
উল্লেখ্য, টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া এ আসনে আরও পাঁচজন প্রার্থী হলেন— স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর (হরিণ প্রতীক), জামায়াত ইসলামীর শফিকুল ইসলাম খান (দাড়িপাল্লা), জাতীয় পার্টি মনোনীত নাজমুল হাসান রেজা (লাঙ্গল), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আওয়াল মাহমুদ (কোদাল) ও আমজনতার পার্টির আলমগীর হোসেন (প্রজাপতি)। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ