টাঙ্গাইলের বাসাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট-ঢাকা এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোছা. আকলিমা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরসহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় টাঙ্গাইলের রিটার্নিং অফিসার শরীফা হক নির্বাচনে সর্বোচ্চ নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন। এসময় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে সকলের প্রতি আহ্বান জানান।