টাঙ্গাইলের ঘাটাইলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের ঘাটাইলের নাগবাড়ী গ্রামে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই শাহীন মিয়ার মৃত্যু হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শাহীন মিয়া নাগবাড়ী গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে নিহত শাহীনের সাথে তার ছোট ভাই আলম মিয়ার বিরোধ চলছিল। ৩১ জানুয়ারি শনিবার বেলা একটার দিকে রান্নাঘরের টিন নিয়ে ঝগড়ার সুত্রপাত হয়। এসময় ক্ষুব্ধ হয়ে আলম তার বড় ভাই শাহীনকে লাঠি দিয়ে আঘাত করে। এতে শাহীন মিয়া গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়ভাবেই চিকিৎসা দেওয়া হয়। রোববার ভোরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এই ঘটনায় রোববার দুপুরে নিহতের স্ত্রী তাসলিমা বেগম বাদি হয়ে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তিনি এই হত্যাকান্ডের ঘটনার ন্যায় বিচার দাবি করেন। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান, ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।