টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় আনন্দ মিছিল করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে আযম খানকে অভিনন্দন জানিয়ে বাসাইল ও সখীপুর উপজেলা বিএনপির উচ্ছ্বসিত নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। এ সময় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েও স্লোগান দেওয়া হয়।
বাসাইলে আনন্দ মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশমাতা বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নেতা আহমেদ আযম খানের প্রতি আস্থা রেখেছেন। তাঁকে মন্ত্রী করেছেন। এটাই বাসাইল-সখীপুরবাসীর প্রতি জিয়া পরিবারের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ।
এর আগে জাতীয় সংসদ ভবনে আযম খানকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আযম খান বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় আহমেদ আমম খান বলেন, আমি সংসদ ভবনে উপস্থিত হয়েও বিষয়টি জানতাম না। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর আধা ঘণ্টার বিরতি চলছিল। আমি লবিতে বসে অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে কথা বলছিলাম। তখনই খবর এলো আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ডাকছেন।
আমি প্রধানমন্ত্রীর কক্ষে ঢোকার পর ক্যাবিনেট সেক্রেটারি আমাকে জানালেন- আপনাকে মন্ত্রী হিসেবে এখনই শপথ নিতে হবে। আপনাকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। তাৎক্ষণিক ওই সময়ই জানলাম আমি মন্ত্রী হচ্ছি।