টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে টাঙ্গাইল শহরের একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং টাঙ্গাইলের গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার শামসাদুল আখতার শামীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও টাঙ্গাইল বার্তার সম্পাদক জেড আই খান, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এবং দৈনিক আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেন, প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা ও বিজয় টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবায়ের উজ্জল প্রমূখ।
অনুষ্ঠানে টাঙ্গাইলের বিভিন্ন পর্যায়ের সিনিয়র সাংবাদিক, সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের সদস্যসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।