ঢাকা | 08 April 2026

নাগরপুরে সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধের নির্দেশ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
সারাদেশে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সরকারের জারি করা নতুন নির্দেশনা বাস্তবায়নে তৎপর হয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, উপজেলার সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ অপচয় রোধে দেশের সকল বাজার ও বিপণিবিতান নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখতে হবে। এছাড়া চলমান বা আসন্ন মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৭টার মধ্যে সমাপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তার পাশের সকল বিলবোর্ড ও আলোকসজ্জাও এই সময়ের পর বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন জানান, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে বিদ্যুৎ সাশ্রয়ের এই পদক্ষেপে আমরা ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করছি। নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা সরকারি নির্দেশনা মেনে চলব। আমরা ইতিমধ্যে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছি এবং তাদের সতর্কতামূলক বার্তা পৌঁছে দিচ্ছি।

এদিকে, সন্ধ্যার পর বিক্রির মূল সময় হওয়ায় সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে কিছুটা দুশ্চিন্তা দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোকানদার জানান, সন্ধ্যার পর ক্রেতাদের আনাগোনা বাড়ে, ফলে সময় কমে যাওয়ায় আয়ের ওপর প্রভাব পড়তে পারে। তবে জাতীয় স্বার্থে তারা এই নিয়ম মেনে চলার মানসিক প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সময়সীমা নির্ধারণ করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাগরপুর উপজেলাসহ সারাদেশে এই নিয়ম কার্যকর থাকবে বলে প্রশাসন নিশ্চিত করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে সহায়ক হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ