অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৫ শতাংশ কমে ৯২ ডলার ৩৫ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে জ্বালানি তেলের মার্কিন মানদণ্ড ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৫৯ সেন্টে নেমে এসেছে।
দুই সপ্তাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে যুক্তরাষ্ট্রের পূর্ণ বিজয় হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সব সামরিক ইউনিটকে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনা দেওয়া হয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর। যদিও এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে বলা হয়, এটি যুদ্ধের সমাপ্তি নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে হামলা বন্ধ করতে হবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারে উত্থান দেখা গেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৫ শতাংশ কমে ৯২ ডলার ৩৫ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে জ্বালানি তেলের মার্কিন মানদণ্ড ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৫৯ সেন্টে নেমে এসেছে।