টাঙ্গাইলে মাদকের টাকা না পেয়ে শরীরে কেরোসিন ঢেলে নাজমা হরিজন নামের এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার রাতে বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে শনিবার সকালে শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকার হরিজন পল্লিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, শনিবার সকালে হরিজন পলিতে স্বামী বুলু হরিজন মাদকের টাকার জন্য স্ত্রী নাজমা হরিজনকে চাপ প্রয়োগ করেন। স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে ঝগড়ার একপর্যায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা চিৎকার শুনে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নাজমাকে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় নাজমা হরিজন মারা যান।
নাম প্রকাশ না করার শর্তে এক হরিজন বলেন, ইতোপূর্বেও মাদকের টাকার জন্য আমাদের পল্লিতে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল। সেটি ধামাচাপা দেওয়া হয়। এ ঘটনায় বুলু হরিজন যেমন অপরাধী, তার বাবাও তেমন অপরাধী। কারণ বুলুর বাবা বিষয়টি দেখার পরও এগিয়ে যাননি।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জী বলেন, আমরা শাহাবাগ থানার বেতার বার্তার মাধ্যমে মৃত্যুর সংবাদ জানতে পারি। লাশ ময়নাতদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।