ছবির ক্যাপশন:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লায় একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার যন্ত্রপাতি, উৎপাদিত তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় মালিকপক্ষের দাবি, প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকুল্লা হাজী মাইনুদ্দিন মার্কেটের গুনোটিয়া রোডে অবস্থিত ‘সীমা বেডিং স্টোর’ নামের কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
কারখানার মালিক ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সোহেল রানা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও শ্রমিকেরা কারখানার মেশিন চালু রেখে কাজ করছিলেন। এ সময় হঠাৎ চলন্ত মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কারখানার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
কারখানাটিতে গার্মেন্টসের বর্জ্য ও ঝুট প্রক্রিয়াজাত করে তুলা উৎপাদন করা হতো। এসব দাহ্য কাঁচামালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই কারখানার ভেতরে থাকা মেশিনপত্র ও উৎপাদিত তুলার বড় অংশ পুড়ে যায়।
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে প্রায় ৭০ লাখ টাকার মালামাল আগুনের কবল থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।