ঢাকা | 11 October 2026

অপরাধ দমনে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান দুই মন্ত্রীর

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 11, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলে অপরাধ দমন, মাদকের বিস্তার রোধ এবং সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সম্পর্কিত এক বিশেষ পর্যালোচনা সভায় মন্ত্রী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এ আহ্বান জানান।

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে আয়োজিত এই বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলাসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফুল আলম, এমপি। প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন,"টাঙ্গাইলের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমাদের প্রথম ও প্রধান অগ্রাধিকার। জেলায় যেকোনো মূল্যে অপরাধ দমন এবং মাদকের বিস্তার রোধ করতে হবে। এজন্য কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না। পুলিশ, জেলা প্রশাসনসহ দায়িত্বপ্রাপ্ত প্রতিটি দপ্তরকে নিজেদের মধ্যে শতভাগ সমন্বয় রেখে মাঠে কাজ করতে হবে, যাতে জনগণ শান্তিতে ও স্বস্তিতে বসবাস করতে পারে।"

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া জেলার সার্বিক উন্নয়ন সম্ভব নয়। মাদক ও অপরাধীদের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোর ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষ যেন তাদের যেকোনো আইনি সহায়তায় কোনো ধরনের হয়রানির শিকার না হয় এবং নিরাপত্তা বোধ করে-তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।"

টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার (বিপিএম-সেবা), জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশদভাবে পর্যালোচনা করা হয় এবং জেলাজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ