ছবির ক্যাপশন:
শিক্ষা আলো ছড়ায়, মাদক জীবন হারায়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূল বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট ২০২৬) কালিহাতী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তোলা এবং মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান। সভায় সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।
সভায় বক্তারা বলেন, একটি দেশ ও জাতির উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষায় গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদকমুক্ত ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। শিক্ষার্থীরা যাতে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকে, সেজন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে উৎসাহিত করা, তাদের ভবিষ্যৎ জীবন গঠনে সহায়ক পরিবেশ তৈরি এবং মাদকবিরোধী সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন। একটি সুন্দর, সুশিক্ষিত ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাটি শিক্ষার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।