টাঙ্গাইলের ধনবাড়ীতে ধর্ষক, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ভূমি দস্যু ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অপতৎপরতা’র বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ধনবাড়ী উপজেলা যুব নেতা আহসান হাবিব মির্জার নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ধনবাড়ী প্রেসক্লাবের সামনে দিয়ে ধনবাড়ী-তারাকান্দি আঞ্চলিক সড়ক হয়ে ধনবাড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বাসস্ট্যান্ডে গিয়ে সন্ধ্যায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মোহাব্বত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান প্লাবন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরিয়ার সুমন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাজ্জাদ খান সুজন, ধনবাড়ী কলেজ ছাত্র দল শাখা’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজীব এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের ছাত্রদল ,যুবদল, ওলামা দল সহ সহযোগী সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে ধর্ষক, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ভূমি দস্যু ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অপতৎপরতা’র বিরুদ্ধে নানা শ্লোগান দেন বিক্ষোদ্ধরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ধনবাড়ী উপজেলায় ধর্ষক, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ভূমি দস্যু ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ , ছাত্রলীগ ও তাদের দোসরদের জায়গা হবে না বলে হুশিয়ারী দেন। সেই সাথে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে কোন লোক অপরাধ করলে তা মেনে নেওয়া হবে না এবং সামনের দিনে টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি’র নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমি দস্যুমুক্ত নিরাপদ ও সুন্দর ধনবাড়ী গড়ে তোলার আহবান জানান।