সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক নৌকা ভ্রমণ।
শনিবার (৫ সেপ্টেম্বর) আনন্দঘন পরিবেশে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা দিনব্যাপী এ নৌকা ভ্রমণে অংশ নেন। ভ্রমণের নির্ধারিত স্থান ছিল যমুনা নদীর সিরাজগঞ্জ চায়না বাঁধ এলাকা, যমুনা সেতু, সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট, গোবিন্দাসী ঘাট ও নলিন বাজার ঘাট।
সকালে নির্ধারিত স্থান থেকে নৌযানে যাত্রা শুরু করেন ভ্রমণকারীরা। যমুনার বুকে নৌযান চলার সময় চারপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা। নদীর বিশাল জলরাশি, নির্মল বাতাস, চারপাশে পাখির কিচিরমিচির শব্দ, আকাশে হালকা মেঘের ভেলা সব মিলিয়ে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ।
নদীর বুকে জেলেদের নৌকা, দূরে ভেসে থাকা চর, চরে ফুটে থাকা কাশফুল, আঁকাবাঁকা নদীপথ এবং যমুনায় চলাচলকারী বিভিন্ন নৌযানের দৃশ্য ভ্রমণকারীদের আনন্দ আরও বাড়িয়ে দেয়। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্যের মাঝে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর আবহ।
নৌকা ভ্রমণকে কেন্দ্র করে দিনব্যাপী ছিল নানা আনন্দআয়োজন। অংশগ্রহণকারীরা গল্প, আড্ডা, গান ও কবিতা পাঠসহ বিভিন্ন আয়োজনে মেতে ওঠেন। ব্যস্ত কর্মজীবনের বাইরে এমন আনন্দঘন আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি মানসিক প্রশান্তিরও সুযোগ সৃষ্টি করে।
এ সময় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান বলেন, সাংবাদিকরা সারাবছর নানা প্রতিকূলতার মধ্যেও পেশাগত দায়িত্ব পালন করেন। কর্মব্যস্ততার মাঝে নিজেদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণ ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে বিভিন্ন ইতিবাচক কর্মসূচি অব্যাহত থাকবে।
নৌকা ভ্রমণের শেষপর্যায়ে অংশগ্রহণকারীরা সুন্দর ও আনন্দময় একটি দিন কাটানোর অনুভূতি ব্যক্ত করেন। যমুনার বুকে প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে অনুষ্ঠিত এবারের নৌকা ভ্রমণ অংশগ্রহণকারী সবার মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে জানান আয়োজকরা।