ঢাকা | 23 September 2026

পরিশ্রম, আত্মবিশ্বাস ও নৈতিক মূল্যবোধকে সঙ্গী করে ভবিষ্যৎ গড়ার আহ্বান

ময়মনসিংহ ব্যুরো, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 23, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ত্রিশাল উপজেলার ২৩৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ত্রিশাল সমিতি, ময়মনসিংহ। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, অভিজ্ঞানপত্র, ব্যাগ, প্যাড, কলমসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কৃতি শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ নগরের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল অর্জন জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই চূড়ান্ত সাফল্য নয়। ভবিষ্যৎ জীবনে আরও বড় লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম, আত্মবিশ্বাস, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ত্রিশাল সমিতি, ময়মনসিংহের সভাপতি অধ্যাপক ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, ত্রিশাল সমিতির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম খোকন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহ্বায়ক মো. শাহ আলম বাদশা এবং কৃতি শিক্ষার্থী ফারজানা মোস্তফা কলি।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এ ধরনের আয়োজন তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করবে। জিপিএ-৫ অর্জনের সাফল্যকে ভিত্তি করে উচ্চশিক্ষা, দক্ষতা অর্জন এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ত্রিশাল সমিতির নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ