বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের ভুঞাপুরে এক বর্ণাঢ্য ‘ফ্যামিলি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলার ফলদা ইউনিয়নের শরিফুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাহবুব হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরিফুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো: রানা আহমেদ, শরিফুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: নূরুল আলম।
অনুষ্ঠানে স্থানীয় এনজিও কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা তথ্য অফিসের কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
সমাবেশে বিদ্যালয়টির শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় চার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বর্তমান সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম এবং অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন উন্নয়ন সূচকের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো: মাহবুব হাসান বলেন, “সরকারের নির্বাচনী ইশতেহার কেবল একটি ঘোষণা নয়, এটি জনগণের ভাগ্যোন্নয়নের অঙ্গীকার। এই ইশতেহারের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হলে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।”
সভাপতির বক্তব্যে তাহলিমা জান্নাত বলেন, প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরকারের উন্নয়ন কর্মসূচিগুলোর সঠিক বার্তা পৌঁছে দেওয়াই এই সমাবেশের লক্ষ্য। তিনি উপস্থিত সকলকে সরকারের গৃহীত উদ্যোগসমূহ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে একাত্মতা প্রকাশ করেন।