প্রতি বছরের মত এবারও ভাষা শহীদদের স্বরণে টাঙ্গাইলের সখিপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প।
গতকাল শনিবার সখিপুর উপজেলার হাতিবান্ধা গ্রামে তালিমঘরে দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা সেবার আয়োজন করে কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)। ক্যাম্পস-এর সভাপতি ও বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ সামাদ এই ক্যাম্পের উদ্বোধন করেন। সখিপুর ছাড়াও আশপাশের উপজেলার প্রায় সাড়ে তিন হাজার রোগীর মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তাররা। এছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ ও প্রায় তিনশ’ রোগীকে চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্যে প্রাথমিকভাবে বাছাই করে আয়োজকরা।
ক্যাম্পস-এর সভাপতি ও বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ সামাদ বলেন, বাংলাদেশে প্রায় তিন কোটি ৮০ লক্ষ লোক কোন না কোন ভাবে কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রতি ঘন্টায় পাঁচজন লোক মৃত্যুবরণ করছে। সাধারণত ৭৫ ভাগ কিডনি নষ্ট হওয়ার আগে রোগীরা বুঝতেই পারেনা যে সে কিডনি রোগে আক্রান্ত।
কিডনী ও চক্ষু ক্যাম্পের পাশাপাশি ‘স্বাস্থ্য সুরক্ষায় সুস্থ জীবন ধারা’ শীর্ষক একটি মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দেশের বরেণ্য চিকিৎসক ও সুধীজনরা অংশ নেন। এছাড়াও ক্যাম্পস এর প্রকাশনা ‘প্রয়াস ২২’ এর মোড়ক উন্মোচন করা হয়।
গত প্রায় দুইযুগ ধরে হাতিবান্ধা গ্রামে ক্যাম্পস ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্বরণে দুস্থ ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসার আয়োজন করে আসছে। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয়রা বিভিন্ন পসরা সাজিয়ে মেলার আয়োজন করে থাকে।