আরমান কবীর
টাঙ্গাইল শহরের কোদালিয়ায় আশির দশকে নির্মিত ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে টাঙ্গাইল পৌর বাস টার্মিনালের কার্যক্রম। ছাউনি পরিত্যক্ত ঘোষণার এক যুগ পেরিয়ে গেলেও নিরাপত্তা ঝুঁকি মাথায় নিয়ে প্রতিদিন হাজারো যাত্রী সেবা নিচ্ছেন এখান থেকেই। অথচ আধুনিক বাস টার্মিনালের জন্য বরাদ্দকৃত প্রায় ৫ একর জমি পরে আছে। বরাদ্দকৃত জায়গাটিতে মাটি ভরাটের কাজ কবে শেষ হবে এবং মূল টার্মিনাল নির্মাণের কাজ শুরু হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
টাঙ্গাইল পৌরসভা সূত্রে জানায়, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বাস টার্মিনাল নির্মাণের জন্য ২০২২ সালের ৪ জুলাই ১ লাখ ১ হাজার টাকায় টাঙ্গাইল পৌরসভা শহরের রাবনা বাইপাসের দক্ষিণ পাশে সদর উপজেলার গালা ইউনিয়নের মাগুরাটা মৌজা ও পৌরসভার এনায়েতপুর মৌজার ৪.৯৪ একর সরকারি খাস জমি ৩০ বছর মেয়াদে বন্দোবস্ত পায়।
নির্মাণ কাজের প্রাথমিক ধাপ হিসেবে গত ৩ মে ২০২৬ তারিখে নির্ধারিত জলাভূমিতে মাটি ভরাটের কাজ শুরু হয়। তবে ধীরগতির কারণে কাজ কবে নাগাদ শেষ হবে তার কোনো সুনির্দিষ্ট সময়সীমা দিতে পারেননি সংশ্লিষ্টরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাবনা বাইপাসের দক্ষিণ দিকে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের জন্য নির্ধারিত জায়গায় পৌরসভা কর্তৃক মাত্র কয়েক ট্রাক মাটি ফেলা হয়েছে। বাকি অংশ ময়লা আবর্জনা দিয়ে ভরাট করা হচ্ছে। এই বছরের ৩ মে থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত মাত্র ৭ ট্রাক মাটি ফেলা হয়। তার পর থেকে আর কোনো মাটি ফেলা হচ্ছে না। অথচ পৌরসভার দরপত্রের শর্ত অনুযায়ী মাটি ভরাটের শেষ সময় ছিল ৩০ জুন ২০২৬। একই ঘটনা ঘটেছে ড্রেনেজ ব্যবস্থার ক্ষেত্রে, মাটি ভরাট না করায় ড্রেনেজ এর কাজ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান।
এ প্রসঙ্গে টাঙ্গাইল পৌরসভার নাম প্রকাশ্য অনিচ্ছুক এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, “জমির মাটি ভরাটের কাজ চলছে। বাস টার্মিনাল এর জন্য নির্ধারিত জায়গা জলাভূমি হওয়ায় প্রচুর মাটি লাগবে। পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার জন্য দরপত্র আহ্বান করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ ও ডিজাইন চূড়ান্ত হওয়ার পরপরই মূল অবকাঠামোর কাজ শুরু হবে।” তবে তিনি কবে নাগাদ টেন্ডার হবে বা কাজ শেষ হবে সে বিষয়ে সুনির্দিষ্ট তারিখ জানাতে পারেননি তিনি।
রাবনা এলাকার সুভাষ চন্দ্র দাস, মাজম মিয়া ও আকবর আলী তালুকদার জানান, ৫ বছর যাবত শুনছি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ হবে। টাঙ্গাইল পৌরসভা ঢাকঢোল পিটিয়ে বাস টার্মিনাল নির্মাণ এর ঘোষনা দিলেও কাজের কাজ কিছুই হয়নি। মাত্র ৭ ট্রাক মাটি ফেলা হয়েছে। অবিলম্বে আধুনিক বাস টার্মিনালের মূল ভবনের নির্মাণের কাজ শুরু করার জোর দাবী জানান তারা।
টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাস টার্মিনালটি নির্মিত হয় আশির দশকে। ২০১৩ সালে কর্তৃপক্ষ টার্মিনালের ছাউনিকে ‘ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত’ ঘোষণা করেন। এরপর এক যুগ কেটে গেলেও নতুন ভবন হয়নি। বর্তমানে জরাজীর্ণ শেড, ভাঙা টিন ও ফাটল ধরা পিলারের নিচেই দাঁড়িয়ে থাকে ঢাকা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুরসহ উত্তর ও দক্ষিণবঙ্গের দূরপাল্লার বাসগুলো। বৃষ্টি হলেই যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।
ঢাকাগামী যাত্রী রফিকুল ইসলাম বলেন, “টার্মিনালে বসার জায়গা নেই, টয়লেটের অবস্থা খারাপ, পানি নেই। রাবনা বাইপাসে নতুন টার্মিনাল হবে শুনেছি। দ্রুত হলে আমাদের মতো সাধারণ যাত্রীদের কষ্ট লাঘব হবে।”
জামালপুরগামী সরকারি চাকুরে রাবেয়া খাতুন রাব্বানী বলেন, টার্মিনালে মহিলাদের জন্য কোন পৃথক টয়লেট নেই, আধুনিক সুযোগ-সুবিধা তো অনেক দুরের কথা। ফলে মহিলা ও শিশুদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব সহকারে অনুধাবন করে প্রস্তাবিত আধুনিক বাস টার্মিনালিটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করবেন।
টাঙ্গাইল সচেতন নাগরিক সমাজের সভাপতি অকিবুর রহমান ইকবাল জানান, টাঙ্গাইল জেলা সদর একটি গুরুত্বপূর্ণ পরিবহন হাব।
এছাড়াও বর্তমান বাস টার্মিনালের কাছে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদেরও চরম ভোগান্তি পোহাতে হয় বাস টার্মিনালের এই যানজটের কারণে।
এখানে আধুনিক বাস টার্মিনাল না থাকায় শহরের যানজট ও যাত্রীদের ভোগান্তি বাড়ছে। তাই দ্রুত মাটি ভরাট শেষ করে আধুনিক টার্মিনাল নির্মাণের কাজ শুরু করার দাবি জানান তিনি।
টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, ১৯৮১ সালের ৩১ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি মরহুম বিচারপতি আব্দুর সাত্তার বর্তমান নতুন বাসস্ট্যান্ডের টার্মিনাল ভবনটি উদ্বোধন করেন। ভবনটি ২০১৩ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বর্তমানে এই পরিত্যক্ত ভবনেই যাত্রী সেবা সহ টার্মিনালের যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করা হচ্ছে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
আশাকরি টাঙ্গাইল সদর আসনের এমপি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ বিষয়ে দ্রুত প্রদক্ষেপ গ্রহণ করবে। এ ব্যাপারে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।
টাঙ্গাইল জেলা বাস মিনি বাস মালিক সমিতির সবাইক শফিকুর রহমান খান বলেন, আমরা পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ রাত্রি ছাউনিতে বসে যাত্রীদের সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণের কাজ গতিশীল করার জন্য সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হচ্ছে। যাতে করে দ্রুততম সময়ের মধ্যে আধুনিক বাস টার্মিনালের নির্মাণ কাজ শেষ হয় এবং যাত্রীদের ভোগান্তি কমে আসে।
এ ব্যাপারে টাঙ্গাইল পৌরসভার প্রশাসক ও উপ-পরিচালক(স্থানীয় সরকার) সঞ্জয় কুমার মহন্ত জানান, রাবনা বাইপাস এলাকায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণের জন্য মাটি ভরাট ও ড্রেন নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছিল, কিন্তু দু'টি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে ৩০ জুন ২০২৬ তারিখে কাজ সম্পন্ন করার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ফলে কাজ দু'টি নবায়নের জন্য প্রকল্প পরিচালক বরাবর সময় সীমা বৃদ্ধির বিষয়ে আবেদন পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, মাটি ভরাট ও ড্রেনেজ ব্যবস্থার কাজ শেষ হলে মূল ভবনের নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হবে। যত দ্রুত সম্ভব এই আধুনিক বাস টার্মিনালটির নির্মাণ সম্পূর্ণ করার পদক্ষেপ গ্রহণ করা হবে।