আত্মকর্মসংস্থান সৃষ্টি ও প্রাণিসম্পদ উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় রৌপ্য পদক অর্জন করেছেন টাঙ্গাইলের মধুপুরের সফল নারী উদ্যোক্তা ও ‘আকাশী এগ্রো ফার্ম’-এর কর্ণধার নাজনীন আক্তার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও রৌপ্য পদক গ্রহণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত ‘আকাশী এগ্রো ফার্ম’-এর মাধ্যমে নিজের আত্মকর্মসংস্থানের পাশাপাশি স্থানীয়ভাবে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নাজনীন আক্তারকে এই রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করা হয়েছে।
পারিবারিক জীবনে নাজনীন আক্তার মধুপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. আনোয়ার হোসেনের সহধর্মিণী। তাঁর এই সাফল্যে মধুপুরের ব্যবসায়ী মহল, স্থানীয় সুধীজন ও এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে।