বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে মধুপুর উপজেলা শহর ও প্রশাসন চত্বরে আনন্দমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণিল ‘মঙ্গল শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি মধুপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম উদ্দিন, মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির এবং যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল।
এছাড়াও শোভাযাত্রায় মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
বর্ষবরণকে উৎসবমুখর করতে বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান ও নাচের মাধ্যমে বাঙালি ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়।
পহেলা বৈশাখের পুরো আয়োজনটি নির্বিঘ্ন করতে মধুপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করে। বৈশাখী সাজে সজ্জিত মানুষের পদচারণায় মধুপুর শহর এদিন উৎসবের নগরীতে পরিণত হয়।