টাঙ্গাইলের মধুপুরে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। ভোটারদের নির্বিঘ্নে ও নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে উপজেলার ৮৯টি ভোটকেন্দ্রকে মোট ২৩৮টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
এছাড়াও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মধুপুর পৌরসভার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ২০টি সিসি ক্যামেরা এবং উপজেলা পরিষদ চত্বরে ১৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নির্বাচনকালীন সময় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জুবায়ের হোসেন বলেন, ‘ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মধুপুর উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে একটি শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন চলাকালে সিসি ক্যামেরার ফুটেজ নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং কোনো সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় ভোটাররা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সিসি ক্যামেরা স্থাপনের ফলে ভোটকেন্দ্রে নিরাপত্তা বাড়বে এবং ভোট গ্রহণ প্রক্রিয়া আরো স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে।
মধুপুর উপজেলা প্রশাসনের এই উদ্যোগে সাধারণ ভোটারদের মাঝে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।