টাঙ্গাইলের মির্জাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুইদিনব্যাপী এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়। দুর্নীতি দমন কমিশন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
জানা যায়, দুইদিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার মোট ৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ভারতেশ্বরী হোমস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে সেমিফাইনালে ভারতেশ্বরী হোমস মির্জাপুর সরকারি এস.কে. পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উন্নীত হয়।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব।
এসময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার মডারেটর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, বিচারক হিসেবে দায়িত্ব পালনকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন, কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, ভেটেরিনারি সার্জন সাদিয়া শারমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মফিজুর রহমান, সহ-সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুল ইসলাম সাঈদ, সদস্য কমলা সরকার ও মাসুদুর রহমান প্রমুখ।