টাঙ্গাইলের সখীপুরে লাভলী বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর একটার দিকে উপজেলার কালমেঘা দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। গৃহবধূ লাভলী ওই গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পারিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে লাভলী বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন বিষয়টি জানিয়ে পুলিশে খবর দেয়। পরে সখীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, সকালে গৃহবধূ লাভলী ও তাঁর স্বামীর বাকবিতন্ডা হয়। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্যে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন কি-না এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনে মরদেহটি ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।