টাঙ্গাইলের সখীপুর বিদ্যুৎ অফিসের আলোচিত ঠিকাদার ও পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক অন্তর আহমেদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অন্তর আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত ৪১ নম্বর আসামি। ওই মামলায়-ই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার অন্তর আহমেদের বেড়ে উঠা ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি গ্রামের নানার বাড়িতে। ২০০৪ সালে সখীপুরে এসে তিনি প্রথমে ভ্যানগাড়ি চালিয়ে সংসার চালাতেন। ভ্যান দিয়ে বিদ্যুৎ শ্রমিকদের মই টানার কাজ শুরু করেন। এভাবে বিদ্যুৎ অফিসের লোকজনের সঙ্গে পরিচয় হলে বাসা-বাড়িতে বিদ্যুতের বিল বিতরণের কাজ নেন তিনি। এ কাজ করতে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে তাঁর সখ্যতা গড়ে ওঠে। ফলে স্থানীয় বিদ্যুৎ লাইন, গ্রাহকের নতুন মিটার করে দেওয়া এবং ট্রান্সফরমার প্রতিস্থাপনের কাজে তদবির করে মোটা অঙ্কের টাকা কামানোর রাস্তা খুলে যায় তাঁর। এরপর আর তাঁকে পেছন ফিরে তাকাতে হয়নি। একপর্যায়ে তিনি ঠিকাদারদের কাজ বাগিয়ে আনতে শুরু করেন। এ কাজে রাজনৈতিক প্রভাব বাড়াতে তিনি তৎকালীন আওয়ামী লীগের বড় বড় নেতার সঙ্গে সখ্যতা তৈরি করেন। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সখীপুর পিডিবি অফিসে নিজস্ব সিন্ডেকেট তৈরি করে অর্থ কামানো শুরু করেন তিনি। ২০২৩ সালের দিকে তিনি হঠাৎ করেই নিজস্ব গাড়ি-বাড়ির মালিক হয়ে যান। ব্যক্তিগতভাবে ব্যবহার করতে শুরু করেন টয়োটা ব্র্যান্ডের নতুন প্রাইভেটকার। এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পরও তাঁকে থামানো যায়নি। ২০২৪ সালে আওয়ামী সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, অন্তর দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। শনিবার সকালে অন্তর আহমেদকে আদালতে পাঠানো হয়েছে।