টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শিবলী সাদিকের বিরুদ্ধে প্রতিবেশী মিন্টু মিয়ার (৪৮) উপর হামলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বেড়বাড়ি কুচলিপাড়া এলাকায় শিবলী সাদিক ও তাঁর সহযোগীরা হামলার ঘটনা ঘটে।হামলায় আহত মিন্টু মিয়া ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে। জমি সংক্রান্ত বিরোধীদের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শিবলী সাদিক বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার এজাহারভুক্ত আসামি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আহত মিন্টু মিয়া বলেন, আমাদের নিজস্ব জমি শিবলী সাদিক জবর দখল করে রেখেছে। সেই জমি নিয়ে বেশ কয়েকটি সালিশি বৈঠক হয়েছে। নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হঠাৎ আমার উপর হামলা চালায়।
এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী বলেন, এ বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।