টাঙ্গাইলের মধুপুরের কৃতি সন্তান এডভোকেট মোহাম্মদ আলী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এবারই প্রথমবারের মতো আইনজীবীদের শীর্ষ পেশাগত সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে মধুপুরের একজন আইনজীবী সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।
অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক এবং জিয়া ফাউন্ডেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অ্যাডভোকেট মোহাম্মদ আলী ১৯৫৩ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলের মধুপুর পৌরসভার অলিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। গত বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন।
নির্বাচনে ১৪টি পদের বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী বিজয়ী হয়েছেন ১৩টিতে। অপরদিকে জামায়াত সমর্থিত প্যানেল পেয়েছে একটি পদ।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে বিজয়ীরা হলেন,বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সহসভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, সহসম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।
সদস্য পদে এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী বিজয়ী হয়েছেন। ৭টি সদস্য পদের একটিতে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্যানেলের মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে সকাল ১০টায় শুরু হয়ে দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ হয়।
১১,০৯৭ জন ভোটারের মধ্যে ৪,০৪৮ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন।