ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড গ্রুপ (জিন্স) লিমিটেড কারখানার শ্রমিকরা। আজ বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে প্রায় ৩ ঘণ্টা শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ রাখে।
শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস এবং বাৎসরিক ছুটির টাকা এখনো পরিশোধ করা হয়নি। ১০ মার্চের মধ্যে এসব পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এ জন্য তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এবং মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী, ভালুকা থানা পুলিশ এবং শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ঘটনা ঘটে। এতে বেশ কয়জন শ্রমিক আহত হয়েছে।
শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকলেছুর রহমান জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আগামীকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান বলেন, শেফার্ড জিন্সের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে শ্রমিকদের সঙ্গে কথা বলে এবং মালিকপক্ষের পক্ষ থেকে বেতন পরিশোধের আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়।
লাঠিচার্জের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রোজার দিন হওয়ায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অ্যাম্বুলেন্স, বয়স্ক মানুষ, শিশু ও অসুস্থ রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের অনেক বুঝিয়ে শুনিয়ে রাস্তা থেকে সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।