চলমান জ্বালানি সঙ্কট নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, মানুষের মধ্যে শঙ্কা রয়েছে ক্রাইসিস (সঙ্কট) আছে। যুদ্ধ এভাবে চললে এই ক্রাইসিস মেটানো খুব কঠিন হয়ে পড়বে। এ ছাড়া তারেক রহমান সম্পর্কে তিনি বলেছেন, শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের একটি কাজও আমার অপছন্দ হয়নি। আজ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরের দাড়িয়াপুর ইউনিয়নের কাদের সিদ্দিকীর সিসিমপুর প্রকল্পে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বীরউত্তম কাদের সিদ্দিকী বলেন, মন্ত্রী সাহেবদের কথা আর সাধারণ মানুষদের চিন্তা-চৈতন্য এবং বাস্তব অবস্থার মধ্যে একটা ফারাক থাকে। বর্তমান মন্ত্রী যাঁরা আছেন তাঁদের অনেকের অভিজ্ঞতা নেই, কিছু অভিজ্ঞ মন্ত্রী আছেন। সত্যিকার অর্থে বাস্তবে হয়তো কোনো ক্রাইসিস নেই, কিন্তু মানুষ যেটা উপলব্ধি করবে, সেটাই হলো আসল। মানুষের মধ্যে শঙ্কা রয়েছে—ক্রাইসিস আছে। যুদ্ধ এভাবে চললে এই ক্রাইসিস মেটানো খুব কঠিন হবে।
দেশ পরিচালনায় তারেক রহমানের কার্যক্রম কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, জিয়াউর রহমান রাজনীতির মধ্য দিয়ে দেশ পরিচালনায় আসেননি। কিন্তু তাঁর ছেলে তারেক রহমান দীর্ঘ সময় রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে এসেছেন। সবাই জানে আমি তারেক রহমানের অনেক কিছুই পছন্দ করতাম না, হাওয়া ভবনকে পছন্দ করিনি, তার কার্যকলাপ অনেক কিছুই পছন্দ করিনি।
কিন্তু ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের একটি কাজও আমার অপছন্দ হয়নি। তাঁর প্রতিটি কাজই অনেকাংশে আমার কাছে পছন্দ হয়েছে। এই কয়েকদিনে তারেক রহমানের পরিচালিত সরকার আমার কাছে যথার্থই মনে হয়েছে। তিনি যদি তাঁর সংগঠনের গ্রাসরুটের (তৃণমূলের) যারা খারাপ তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আমার ধারণা বাংলাদেশে তিনি প্রাতঃস্মরণীয় হবেন।
আজ মঙ্গলবার বিকেলে কাদের সিদ্দিকী (বীরউত্তম) টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের সিলিমপুর এলাকায় তাঁর নিজ প্রকল্প দেখতে আসেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারীতায় তিনি এসব কথা বলেন।