ঢাকা | 10 August 2026

ময়মনসিংহে আদিবাসী দিবসে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনায় ঐতিহ্য-অধিকার সংরক্ষণের প্রত্যয়

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬। নিজেদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা সংরক্ষণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে রোববার (৯ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেন বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর মানুষ।

দিবসটি উপলক্ষে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সকালে ময়মনসিংহ নগরীর ভাটিকাশর সেন্ট প্যাট্রিক ক্যাথিড্রাল চার্চ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

 রবিবার দুপুরে শুরু হওয়া র‍্যালির উদ্বোধন করেন সেন্ট প্যাট্রিক ক্যাথিড্রাল চার্চের পাল-পুরোহিত ফাদার বিজন কুবি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা এতে অংশ নেন।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ এবং অধিকারভিত্তিক অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বার্তা উঠে আসে কর্মসূচিতে।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত, বিশিষ্ট লেখক-গবেষক ও ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অরণ্য ই. চিরান। এতে উপস্থিত ছিলেন সিস্টার মেরী জসিন্তা ম্রং, টিডব্লিউএ কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল যোহন সাংমা, বাগাছাস কেন্দ্রীয় সংসদের সভাপতি অনিক রেমাসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম প্রধান। বিশেষ অতিথি ছিলেন সালেসিয়ান সিস্টারস নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার লিয়া দ্রং এবং পিসিসি সংস্থার নির্বাহী পরিচালক সিলভেস্টার গমেজসহ অন্যরা।

বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্য ও জীবনধারা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে নিজস্ব ভাষা, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সাংস্কৃতিক পরিচয় রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় সমান সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তাও আলোচনায় গুরুত্ব পায়।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেন। তাদের পরিবেশনায় আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার নানা অনুষঙ্গ ফুটে ওঠে। নৃত্য, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

 আন্তর্জাতিক আদিবাসী দিবস কেবল উৎসবের দিন নয়; বরং বৈচিত্র্য, মর্যাদা, অধিকার ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। ময়মনসিংহের এ আয়োজনের মধ্য দিয়ে সেই বার্তাই নতুন প্রজন্ম ও বৃহত্তর সমাজের কাছে তুলে ধরা হয়েছে বলে জানান (টিডব্লিউএ) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অরণ্য ই. চিরান।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ