ময়মনসিংহের ভালুকায় আজ শুক্রবার দুপুরে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজির ওপর উঠে যাওয়ায় নারীসহ দুইজন নিহত এবং কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা তাফরিদ কটন মিলের সামনে। আহতদের উদ্ধার করে ভালুকা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় ময়মনসিংহগামী ঢাকা নালিতাবাড়ী পরিবহনের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনের ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজির ওপর উঠে গেলে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। এ সময় কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে আরেক যাত্রী মারা যায়। তবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভালুকা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে । ঘটনাস্থলে এক নারীর নিহত হয়েছেন।
ভরাডোবা হাইওয়ে থানার এস আই মোফাখারুল ইসলাম জানান, দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভালুকা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিচয় শনাক্ত চেষ্টা চলছে ।