ঢাকা | 27 September 2026

জামায়াত প্রার্থীর ভোট বর্জনের মাধ্যমে সম্পন্ন হল শেরপুরের উপনির্বাচন

শেরপুর প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
জামায়াত প্রার্থী মাসুদুর রহমানের ভোট বর্জনের মাধ্যমে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদের স্থগিতকৃত শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচন। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভিড় দেখা যায়। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। দীর্ঘদিন পর ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরে তাদের মধ্যে আনন্দ বিরাজ করছিল। কিন্তু উল্টো ছিল দুপুরের চিত্র। দুপুরের সময় অনেক কেন্দ্র ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। শ্রীবরদী হাইস্কুল মাঠে বিশৃঙ্খলা ঠেকাতে গিয়ে ইট পাটকেলের আঘাতে দুইজন পুলিশ সদস্য আহত হয়। 

দুপুরের দিকে জামায়াত প্রার্থী মাসুদুর রহমান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে জাল ভোট, ভোট কারচুপি, বিভিন্ন অনিয়ম এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন।

মাসুদুর রহমান বলেন, বিভিন্ন কেন্দ্রে জালভোট দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি কেন্দ্র থেকে আমার এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। শ্রীবরদী উপজেলা যুব বিভাগের সভাপতি আমীর হামযা মিস্টারকে প্রশাসনের সামনেই বিএনপি নেতা-কর্মীরা হামলা করে গুরুতর আহত করে। বর্তমানে তিনি শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরো বলেন, আগে থেকে অভিযোগের পরেও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।

এদিকে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, উৎসব মুখর ও খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।  

শেরপুর-৩ আসনের নির্বাচনে এবার বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ (দাঁড়িপাল্লা) এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান (কাঁচি) প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে ভোট শেষে কেন্দ্রগুলোতে এখন গণনার কাজ চলছে। 

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। দুটি উপজেলায় ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ১২৮টি ভোট কেন্দ্র ছিল। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার এবং নারী ভোটার ২ লাখ ৮ হাজার ৩০৪ জন। হিজড়া ভোটার ছিল সাত জন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ