টাঙ্গাইলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-এর প্রাথমিক বাছাই পরীক্ষা। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতার টাঙ্গাইল জেলার আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, টাঙ্গাইল সদর-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আয়োজকরা জানান, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন দীর্ঘ ৩৮ বছর ধরে জ্যোতির্বিজ্ঞান বিষয়ে জাতীয় পর্যায়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় ২০২৬ সালে ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড।
আগামী ২৪ জুলাই টাঙ্গাইলের বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে টাঙ্গাইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
জাতীয় প্রতিযোগিতা শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে ৬ থেকে ৮ আগস্ট আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হবে। ওই ক্যাম্প থেকে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীরা আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
আয়োজকরা জানান, ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণকারী (১৪–১৮ বছর বয়সী) স্কুল-কলেজ শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। নিবন্ধনের শেষ সময় ২৩ জুলাই ২০২৬ এবং নিবন্ধন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আয়োজকরা প্রতিযোগিতা সফল করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সহযোগী সংগঠন এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
সোহেল রানা