টাঙ্গাইলের সখীপুরে বুধবার (২১ অক্টোবর) বিজয় চন্দ্র কোচ (২০) নামের এক যুবক প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে বংশাই নদে পড়ে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজের ৪১ ঘণ্টা পর শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে উপজেলার দাড়িয়াপুর নামাপাড়া এলাকা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কোচ উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের ফনিন্দ্র চন্দ্র কোচের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল ৫ টার দিকে পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার রতনগঞ্জ এলাকায় বংশাই নদে প্রতিমা বিসর্জন দিয়ে বিজয় চন্দ্রসহ প্রায় ৪০ জনের একটি দল ইঞ্জিন চালিত নৌকায় করে বাড়ি ফিরছিলেন। নৌকার ছাদে উচ্চৈঃস্বরে গান বাজিয়ে ‘মদ্যপ’ অবস্থায় তারা নাচানাচি করছিলেন।
নৌকাটি বংশাই নদের দুলশিমুল এলাকায় পৌঁছালে বিজয় হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে যান। এ সময় তিনি সাঁতরে তীরে ওঠার চেষ্টা করলে নদীপাড়ের ঝোপঝাড়ের কাছে গিয়ে হঠাৎ পানিতে ডুবে যান। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।