সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। একই সঙ্গে দেশের প্রতিটি এলাকায় দুর্গাপূজা নির্বিঘ্ন রাখতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপি'র দলীয় কার্যালয়ে উপজেলার ৬০টি পূজা মণ্ডপে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান ও বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, "কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। আজকে আপনারা আপনাদের মায়ের কাছে দোয়া চাইবেন। এই দেশ ও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করবেন। অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপি'র সভাপতি জাকির হোসেন সরকার সভাপতিত্ব করেন। এ সময় মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপি'র সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স ও সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি এবং উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার ৬০টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান ও বস্ত্র তুলে দেন প্রধান অতিথি।